মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার ধ্বংসের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৯:০৯:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার ধ্বংসের হুমকি ইরানের


যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগের সাবমেরিন কেব্‌ল ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অবকাঠামো ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।

রোববার (১১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, উপসাগরীয় অঞ্চলে থাকা এসব মার্কিন সম্পদের মূল্য ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি। তিনি এসব অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন।

রেজায়ি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল সম্পদ রয়েছে। তবে এসব স্থাপনা এখনো ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে সাবমেরিন কেব্‌ল, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং এ ধরনের আরও অনেক অবকাঠামো ধ্বংস হয়ে যাবে।

প্রায় ৩০ মিনিটের ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি অবকাঠামোয় সম্ভাব্য হামলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ইরানের এই নিরাপত্তাপ্রধান।

রেজায়ি বলেন, সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তার সব সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। তাঁর ভাষ্য, শুরুতেই সব সক্ষমতা ব্যবহার করা হলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য হাতে খুব বেশি কিছু অবশিষ্ট থাকত না।

তিনি আরও বলেন, ‘আজ যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে আমরা অবশ্যই আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করব।’

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান তার সামরিক সক্ষমতা আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত বলেও জানান রেজায়ি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর