শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ক্রিকেটের বল নিয়ে সংঘর্ষ, তাহিরপুরে আবারও উত্তেজনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৮:৩১:১০ অপরাহ্ন

ক্রিকেটের বল নিয়ে সংঘর্ষ, তাহিরপুরে আবারও উত্তেজনা


সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ক্রিকেট খেলার বল অটোরিকশায় পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে মধ্য তাহিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে জড়ো হন।

পরিস্থিতির খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজেও লাঠি হাতে মাঠে নামেন। পরে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানান। এরপর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও দোকানপাট পরিদর্শন করেন তিনি।

এর আগে বুধবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশুদের ক্রিকেট খেলার সময় একটি বল অটোরিকশায় পড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে মাইকিং করে পাঁচ গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ছাড়া একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে।

মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন বলেন, চার গ্রামের লোকজন মাইকিং করে তাদের গ্রামে হামলা চালিয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি একটি বসতঘরে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। এমপি কামরুজ্জামান কামরুল দুই পক্ষের সঙ্গে কথা বলে বিচার-সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

বীরনগর গ্রামের জমাদার মিয়া বলেন, সংঘর্ষে তাদের চারজন গুরুতর আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। সকালে এমপি সবার সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন।

জয়নগর গ্রামের বাসিন্দা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, সংঘর্ষের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার ভোর থেকে আবার সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। সকালে এমপি এলাকায় আসার পর পরিস্থিতি শান্ত হয়। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত সবাইকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর