সেনাবাহিনীর সদস্য পরিচয়ে মৌলভীবাজারের নারী উদ্যোক্তা মেলায় বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাক, আইডি কার্ডের ছবি ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০), পিতা সামছুদ্দিন মিয়া এবং মাসুম আহমদ (১৯), পিতা বিলাল মিয়া।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইমরান ও মাসুম মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন।
এ সময় সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শনের পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখানো হয়।
একপর্যায়ে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে নগদ টাকা চাঁদা হিসেবে দাবি করেন। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তা করার ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
বিষয়টি মেলায় থাকা ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয়। পরে তাদের কাছ থেকে ১টি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট ও ১টি টি-শার্ট, আইডি কার্ডের ছবি ৩টি এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।”
তিনি জানান, মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








