কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ AM

কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:৩১:৫৮ AM

কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা


বিশ্ববাজারে তেজাবি সোনা-রুপার দামের পরিবর্তনের প্রভাবে দেশের বাজারেও মূল্য কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে বিভিন্ন মানের সোনা ও রুপার দামও কমানো হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জুয়েলারি ব্যবসায়ীরা নতুন দাম ঘোষণার কথা জানিয়েছেন। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হবে।

নতুন নির্ধারিত দরে ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ১ হাজার ৩০১ টাকা; ফলে এ মানের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার বাজারদরও কমেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪০ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৩৫০ টাকা কমে হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১১৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৫৯ দফায় কমানো হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল ২৯ বার।

দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা করা হয়। এখন পর্যন্ত সেটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ রেকর্ড দাম।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর