সেতুর বুকে গর্ত, বেরিয়ে রড—ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ AM

সেতুর বুকে গর্ত, বেরিয়ে রড—ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:৩৩:৩১ AM

সেতুর বুকে গর্ত, বেরিয়ে রড—ঝুঁকি নিয়ে চলছে যানবাহন


সেতুর কংক্রিট ভেঙে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তের ভেতর থেকে বেরিয়ে আছে লোহার রড, পাশের মাটিও সরে গেছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই প্রতিদিন ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের সড়কের এই সেতু দিয়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, সেতুটির একাংশের কংক্রিট ভেঙে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ভেতরে থাকা লোহার রড বাইরে বেরিয়ে রয়েছে। সেতুর পাশের মাটিও সরে গেছে। এরপরও ভাঙা অংশের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজিবাইক ও মোটরসাইকেল। প্রতিদিন এই পথে যাতায়াতকারী চালক ও যাত্রীরা তাই আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, কার্তিকপুর গ্রামের সামনের সড়কটি মধ্যনগর উপজেলা ও নেত্রকোনা জেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুলসংখ্যক মোটরসাইকেল ও অটোরিকশা এই সড়ক ব্যবহার করে। বিশেষ করে বর্ষাকালে বিকল্প যোগাযোগব্যবস্থা সীমিত হয়ে পড়ায় স্থানীয় মানুষের জন্য সড়কটির গুরুত্ব আরও বেড়ে যায়।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করায় ভাঙন ধীরে ধীরে বাড়ছে। বর্ষার পানি ও পাহাড়ি ঢলে সেতুর নিচের মাটি আরও সরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। কোনো একসময় ভাঙা অংশ দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে মধ্যনগর ও নেত্রকোনার মানুষের যোগাযোগেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, ‘সেতুটির ভাঙা অংশ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষার পানি ও পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া দরকার।’

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী তালুকদার বলেন, ‘সেতুটির বিষয়টি আমাদের নজরে এসেছে। জনগণের চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগির সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর