শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান-শোডাউন চলবে না: ডাকসু ভিপি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান-শোডাউন চলবে না: ডাকসু ভিপি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৬:২৯:১২ PM

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান-শোডাউন চলবে না: ডাকসু ভিপি


শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান দেওয়া, শোডাউন দেওয়া চলবে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করবে, গবেষণা করবে।

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, আমার সামনে যে শিক্ষার্থীরা আছেন, আমি তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। ইনসাফের বাংলাদেশ গড়তে হলে তোমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে, ইনশাআল্লাহ।

ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামী বছরে কী করবে, তা পরিকল্পনা করে করবে। আগামীতে তোমরা কোন পজিশনে থাকতে চাও, সেই অনুযায়ী এখনই পরিকল্পনা করো। ছাত্রশিবিরের সদস্যদের কাছে গেলে তারা তোমাদের এ বিষয়ে সহযোগিতা করবে। প্রথম বর্ষ থেকেই তোমাদের পরিকল্পনা নিতে হবে।

ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লব হয়েছে সব বৈষম্য দূর করতে। কিন্তু বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে। শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। শেখ হাসিনার মতো তারাও মামা, খালু, ঘুষ ইত্যাদির মাধ্যমে মেধাবীদের পেটে লাথি মেরে তাদের মানুষকে চাকরি দিচ্ছে। হাসিনার যে পরিণতি হয়েছে, আপনাদের জন্যও সেই পরিণতি অপেক্ষা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করেনি, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার সঠিকভাবে করতে পারেনি। দেশের নজিরবিহীন লোডশেডিং হচ্ছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোটিতেই তারা সফল হচ্ছে না, সব জায়গায় ব্যর্থ হচ্ছে।

লংমার্চ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, বর্তমানে যে লংমার্চগুলো হচ্ছে, এগুলো কোনো একক রাজনৈতিক দলের নয়, কোনো ব্যক্তির নয়। বরং ১৮ কোটি মানুষের বিজয় চাই এই লংমার্চের মাধ্যমে। লংমার্চে আটটি দফার দাবি উঠেছে, সবগুলোই ১৮ কোটি মানুষের জন্য।

তিনি আরও বলেন, গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তারা সমাজের মধ্যে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ দিয়ে সমাজ পরিচালনা করেছেন। এ কারণে আমাদের দেশের কোনো উন্নতি হয়নি।

ভিপি বলেন, আমাদের দেশের নেতারা দেশের অনেক ভালো চান, দেশপ্রেমের কথা বলেন। কিন্তু যখন নেতৃত্বে যান, তখন তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন।

তিনি বলেন, যারা ভালো কাজ করেছেন, যারা এ সমাজকে গড়ার চেষ্টা করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলী।

ডাকসুর বর্তমান কার্যক্রম প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, এবারের ডাকসু যে পরিমাণ শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে কেউ করতে পারেনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর