জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনের মধ্যেই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে নতুন ভাড়া কার্যকর করতে এখনো মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রজ্ঞাপনের অপেক্ষা রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দূরপাল্লা ও শহরের বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হলেও চূড়ান্ত ভাড়া নির্ধারণের বিষয়টি সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। বৈঠকসংশ্লিষ্ট আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, উভয় ধরনের বাসেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। ২০ পয়সা বাড়লে তা দাঁড়াবে ২ টাকা ৪৩ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে তা হবে ২ টাকা ৭১ পয়সা; আর ২০ পয়সা বাড়লে দাঁড়াবে ২ টাকা ৭৩ পয়সা।
সর্বনিম্ন ভাড়ায়ও বড় পরিবর্তনের প্রস্তাব নেই। বাসে সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা রাখার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিআরটিএ প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠাবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। একই সঙ্গে তিনি জানান, সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরিবহন মালিকদের অতিরিক্ত ভাড়া না নিতে বলা হয়েছে।
এদিকে নতুন ভাড়া এখনো নির্ধারিত না হলেও সোমবার রাজধানী ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। যাত্রীদের অভিযোগ, ঢাকার বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ২০ টাকা বেশি নেওয়া হয়েছে। দূরপাল্লার কয়েকটি রুটে কোথাও কোথাও আগের ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
তবে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আগের নির্ধারিত ভাড়াই নেওয়া উচিত। নতুন ভাড়া কার্যকর হওয়ার আগে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্যও পরিবহন মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
গণপরিবহনের বড় অংশ ডিজেলচালিত হওয়ায় জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাব বাস পরিচালন খরচে পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের বাড়তি দামের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এবার মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবই ভাড়া সমন্বয়ের হিসাবে ধরা হচ্ছে।
সাধারণ হিসাব অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ানোর হিসাব করা হয়। সেই হিসাবে ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়লেও দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছিল।
আজকের সিলেট/ জেকেএস









