হবিগঞ্জে ১০ মাসের শিশুর মৃত্যু, ভুল ইনজেকশনের অভিযোগ পরিবারের
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ AM

হবিগঞ্জে ১০ মাসের শিশুর মৃত্যু, ভুল ইনজেকশনের অভিযোগ পরিবারের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৬:১৬:১৩ PM

হবিগঞ্জে ১০ মাসের শিশুর মৃত্যু, ভুল ইনজেকশনের অভিযোগ পরিবারের


হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্স রিংকু রানী ভুলভাবে ইনজেকশন দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ইনজেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সোমবার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ইয়াছিন হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিমপাড়া গ্রামের আঃ রউফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর ইয়াছিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর রোববার তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরদিন সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনরায় চেকআপের জন্য শিশুটিকে হাসপাতালে আনা হয়।

স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত নার্স রিংকু রানী ইয়াছিনকে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ইনজেকশনটি নিয়ম অনুযায়ী না দিয়ে ভুলভাবে প্রয়োগ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

শিশুটির মৃত্যুর পর হাসপাতাল এলাকায় স্বজনদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার পর নার্স রিংকু রানী হাসপাতাল থেকে চলে যান।

হবিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. বিশ্বজিৎ বলেন, শিশুটিকে নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে। ইনজেকশন রগে না দিয়ে মাংসে দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ইনজেকশন দেওয়ার পদ্ধতির সঙ্গে শিশুটির মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তা নিশ্চিত করা সম্ভব নয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণের পাশাপাশি চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়েছিল কি না, সে বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে ইয়াছিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর