দিরাইয়ে ছাত্রশিবির'র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM

দিরাইয়ে ছাত্রশিবির'র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৩:৩৭:৩৮ PM

দিরাইয়ে ছাত্রশিবির'র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, অজপাড়া গাঁয়ের অন্ধকারে কাদামাটি পেরিয়ে আমরা স্কুলে গিয়েছি। গ্রাম থেকে বড় হওয়া আমাদেরকে বড় বড় শহরের ছেলেরা কখনো হারাতে পারে নাই। 

শনিবার সকাল ১১টায় দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, যারা শহরে পড়াশোনা করেছে আর আমরা যারা খেতের আইল দিয়ে হেঁটে হেঁটে ধানের গন্ধ পেয়ে বড় হয়েছি, আমাদের শরীর, স্বাস্থ্য, মন এত সতেজ ছিল যে ধনীর দুলালেরা আমাদের সঙ্গে কম্পিটিশন করে পারে নাই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি তোমাদের এই আহ্বানটুকু জানাতে এসেছি। খবরদার, গ্রামে জন্ম নিয়েছো, দরিদ্র ঘরে জন্ম নিয়েছো, দিরাই-শাল্লার কোনো ইউনিয়নে জন্ম নিয়েছো যেখানে রাস্তা-ঘাট নাই, এজন্য মনকে দুর্বল করবা না। যদি সত্যিকার অর্থে পরিশ্রম করতে পারো, তবে তোমাদের দেখে শহরের ছেলেমেয়েরা ভয়ে তাদের স্থান ছেড়ে দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, পরিশ্রম, কষ্ট, সাধনা বাদ দিও না। মোবাইল ফোন আর কতদিন? এমন একদিন আসবে, যখন তুমি সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হবে, তখন গ্রামে বসবাস করেছো এটাই ইতিহাস হয়ে থাকবে। আর ভালো জায়গায় যেতে না পারলে মানুষ নাক সিটকাবে।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের  সভাপতিত্বে ও শাল্লা উপজেলার সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন ও কৃতি শিক্ষার্থী সাকিব আহমদ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও দিরাই-শাল্লার শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর