দিরাই বাসস্ট্যান্ডে ফিরেছে শৃঙ্খলা, সরানো হলো সড়ক দখল করা দোকানপাট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM

দিরাই বাসস্ট্যান্ডে ফিরেছে শৃঙ্খলা, সরানো হলো সড়ক দখল করা দোকানপাট

আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০১:৩৩:৪১ PM

দিরাই বাসস্ট্যান্ডে ফিরেছে শৃঙ্খলা, সরানো হলো সড়ক দখল করা দোকানপাট


সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের বিশৃঙ্খল পরিবেশে শৃঙ্খলা ফিরেছে। প্রশাসনের উদ্যোগে বাস ও সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও সরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দিরাই বাসস্ট্যান্ড ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন এলাকায় এলোমেলোভাবে বাস ও সিএনজি অটোরিকশা রাখা হতো। এছাড়া সড়কের বিভিন্ন অংশ দখল করে আচার, চা, চটপটি, পিয়াজুসহ বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানোয় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো এবং প্রায়ই যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হতো।

সম্প্রতি দিরাই অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির, পিপিএম-এর নেতৃত্বে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তাঁর উদ্যোগে সড়ক দখল করে বসানো দোকানপাট সরিয়ে নেওয়া এবং যানবাহন নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা করা হয়। ফলে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এখন অনেকটাই স্বাভাবিক ও শৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, পিপিএম বলেন, “দিরাই বাসস্ট্যান্ডে বাস ও সিএনজি যেন এলোমেলোভাবে না রাখা হয় এবং সড়কের জায়গা দখল করে যাতে দোকানপাট না বসে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে এলাকায় আগের তুলনায় সুন্দর ও শৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “অবৈধ রিকশা ও ইজিবাইকও অনেক সময় এলোমেলোভাবে রাখা হয়। এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বাসস্ট্যান্ড ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন সড়কে শৃঙ্খলা ফেরায় পথচারী ও যানবাহন চলাচল সহজ হয়েছে। প্রশাসনের এ উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে দিরাই শহরের যানজট ও বিশৃঙ্খলা আরও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর