মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমসহ ধলাই নদে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৩০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে চালক নিখোঁজ
এর আগে রোববার সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমসহ নদে পড়ে যান প্রীতম। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে সোমবার নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদে মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত প্রীতম কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, নিখোঁজের এক দিন পর রেলওয়ে ব্রিজের কাছে টমটমচালকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








