এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর সিলেট শিক্ষা বোর্ডে ১৮৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই প্রক্রিয়ায় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। সব মিলিয়ে পুনর্মূল্যায়নের পর ২ হাজার ৫৮৭ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন নতুন সিলেটকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের সংখ্যা ছিল ৫০ হাজার ৭১৩টি।
পুনর্মূল্যায়নের পর মোট ২ হাজার ৫৮৭ জনের ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ২৮৬ জনের। জিপিএ-৫ পরিবর্তন হয়নি ১৪৩ জনের। ফেল থেকে ফেল করেছেন ১৫৭ জন। এছাড়া মোট জিপিএ গ্রেড পরিবর্তন হয়েছে ৯৮৬ জনের এবং ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।
এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৮৯ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৯৫৭ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৩৬ জন। পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। অন্যদিকে গড়ে ৪১ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৬৮৪ এবং মেয়ে ১ হাজার ৯২৪ জন।
মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে ২৪ এবং মেয়ে ৯৬ জন। আর ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৮ জন। তাদের মধ্যে ছেলে ৩৭ এবং মেয়ে ৭১ জন।
আজকের সিলেট/ জেকেএস









