জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানটির করা রিট আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেন আদালত।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্ট বিভাগে যে আবেদন করেছিলেন, আদালত বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দিয়েছেন। ফলে এনবিআরের দাবি বহাল থাকল।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে গ্রামীণ কল্যাণ। খাজা তানভীর বলেন, এ বিষয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ৬৬৬ কোটি টাকা ঠিক কবে নাগাদ পরিশোধ করতে হবে, তা এখনো জানা যায়নি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অর্থ পরিশোধের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান গ্রামীণ কল্যাণের আইনজীবী।
এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। বৃহস্পতিবার সেই আবেদনের নিষ্পত্তি হলো।
আজকের সিলেট/ জেকেএস









