সিলেটে নতুন করে কারও হাম শনাক্ত না হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
মৃত শিশুটির নাম মিম তাহসিন নিজাম। তার বয়স ৪ মাস ২১ দিন। শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।
মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৫, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৫৯ জন রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৩৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, নর্থ-ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ১৪৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন।
এ ছাড়া মাউন্ট এডোরা হাসপাতালে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








