জৈন্তাপুরে দুই পক্ষের ফের সংঘর্ষ, আহত অন্তত ৭
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

জৈন্তাপুরে দুই পক্ষের ফের সংঘর্ষ, আহত অন্তত ৭

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৫:০১:১৪ PM

জৈন্তাপুরে দুই পক্ষের ফের সংঘর্ষ, আহত অন্তত ৭


সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লাও আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

এর মাত্র এক দিন আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে একই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় পথচারীসহ প্রায় ১৮ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয় বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে বৃহস্পতিবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা এবং কোনো পক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানানো হয়। পরিস্থিতির অবনতি ঘটালে গ্রেপ্তারের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুই পক্ষের বিরোধের পেছনে শুধু আধিপত্য বিস্তার নয়, মানবপাচার, চোরাচালান এবং বিভিন্ন অবৈধ ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েও দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। তাঁদের দাবি, অতীতে একটি পক্ষ মানবপাচার, চোরাচালানসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ উপার্জন করেছে। এসব কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়েই বর্তমানে বিরোধ আবারও সংঘর্ষে রূপ নিচ্ছে।

ঘিলাতৈলকে ঘিরে চোরাচালানের একটি কথিত রুট গড়ে উঠেছে বলেও স্থানীয় কয়েকজন দাবি করেছেন। তাঁদের ধারণা, ওই রুটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে।

এদিকে বিরোধকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও নানা কৌশলে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর কয়েকজন। তাঁদের কেউ কেউ ‘নোয়াখালী-সিলেট’ পরিচয়কে সামনে এনে সামাজিক বিভক্তি সৃষ্টির চেষ্টার অভিযোগও করেছেন।

একই এলাকায় দুই দিনে পরপর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এলাকাবাসী সংঘর্ষের প্রকৃত কারণ বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মানবপাচার, চোরাচালান ও অবৈধ ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে ওঠা অভিযোগগুলোও তদন্তের আওতায় এনে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় না নিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘিলাতৈলে স্থায়ী শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ চান তাঁরা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য সতর্ক করা হয়েছে। কেউ পরিস্থিতির অবনতি ঘটালে কিংবা ঝগড়া-বিবাদে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উভয় পক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর