হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসির মিয়া গ্রেপ্তার, সুনামগঞ্জে যৌথ অভিযান
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ PM

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসির মিয়া গ্রেপ্তার, সুনামগঞ্জে যৌথ অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৩:০৭:৩৩ PM

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসির মিয়া গ্রেপ্তার, সুনামগঞ্জে যৌথ অভিযান


সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে পানসি রেস্টুরেন্টে তার অবস্থান শনাক্ত হওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য, অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে বুধবা (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল শান্তিগঞ্জ থানা পুলিশ। পরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় তিনি পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার পর নিজের ফেসবুক আইডি থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় লাইভে এসে পলায়নের ঘটনা প্রচার করেন আসির মিয়া। ওই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে ওই রাতেই তার কাছ থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এরপর তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আসির মিয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনাতেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর আসির মিয়াকে আটকের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

তিনি বলেন, আসির মিয়া বর্তমানে সুনামগঞ্জ সদর মডেল থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি রতন শেখ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। এ ক্ষেত্রে পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে পুলিশ কাজ করেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর