মন্ত্রীর আগমনে বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, রাতভর পরিষ্কার-পরিচ্ছন্নতা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

মন্ত্রীর আগমনে বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, রাতভর পরিষ্কার-পরিচ্ছন্নতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৪:৪০:২০ PM

মন্ত্রীর আগমনে বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র, রাতভর পরিষ্কার-পরিচ্ছন্নতা


স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পরিদর্শনকে ঘিরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে ভিন্ন চিত্র। জরুরী বিভাগের সামনে বেডশিট ও বালিশসহ স্ট্রেচার রাখা হয়েছে, বিভিন্ন ওয়ার্ডের বাথরুম পরিষ্কার করা হয়েছে এবং রোগীদের পরিবেশন করা হয়েছে গরম খাবার।

শুক্রবার সকালে হাসপাতাল ঘুরে দেখা যায়, জরুরী বিভাগের সামনে বেডশিট মোড়ানো ও বালিশ রাখা একাধিক স্ট্রেচার রয়েছে। যেখানে সাধারণ সময়ে স্ট্রেচার পাওয়া নিয়েই রোগী ও স্বজনদের ভোগান্তির অভিযোগ থাকে, সেখানে এমন প্রস্তুতি চোখে পড়ে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বাথরুমেও ছিল পরিচ্ছন্নতার ছাপ। ময়লা-আবর্জনা বা দুর্গন্ধের পরিবর্তে নিয়মিত পানি দিয়ে পরিষ্কার করতে দেখা যায়। শিশু ওয়ার্ডের একটি বাথরুমও সকালে পরিষ্কার করছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। ক্যামেরা দেখার পর তিনি নিজেকে আড়াল করে ফেলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর পরিদর্শনের খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যাপক ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। ঝাড়ু দেওয়া, মেঝে পরিষ্কার করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। শুক্রবার সকালেও সেই কার্যক্রম চলতে থাকে।

জানা গেছে, শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পাশাপাশি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতালের শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

মন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোগীদের খাবার পরিবেশনেও পরিবর্তন দেখা যায়। গরম খাবার রোগীদের দেওয়া হয়। খাবার পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তবে এক রাতের পরিচ্ছন্নতা কার্যক্রমে হাসপাতালের সব সমস্যার সমাধান হয়নি। রোগীদের বিছানায় ছারপোকা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন কয়সর আহমদ বলেন, মন্ত্রী আসায় আজ কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, সাধারণ সময়ে হাসপাতাল এভাবে পরিষ্কার থাকে না; গতকাল থেকে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

আরেক রোগীর স্বজন ফারুক আহমদ বলেন, মন্ত্রী আসায় আজ হাসপাতালে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। খাবারের মান ভালো হয়েছে এবং পরিবেশও পরিষ্কার করা হয়েছে।

শিশু ওয়ার্ডে ভর্তি এক শিশুর অভিভাবক জানান, শুক্রবার ডাক্তার ও নার্সরা এসে বারবার রোগীদের খোঁজখবর নিচ্ছেন।

এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর