বিএনপির সপ্তম কাউন্সিল ঘিরে তৎপরতা, আলোচনায় সিনিয়র যুগ্ম মহাসচিব পদ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ PM

বিএনপির সপ্তম কাউন্সিল ঘিরে তৎপরতা, আলোচনায় সিনিয়র যুগ্ম মহাসচিব পদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১২:৫৫:৩৩ PM

বিএনপির সপ্তম কাউন্সিল ঘিরে তৎপরতা, আলোচনায় সিনিয়র যুগ্ম মহাসচিব পদ


দীর্ঘদিন ধরে শূন্য থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে কে আসছেন—দলের সপ্তম জাতীয় কাউন্সিল সামনে রেখে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের ভেতরে এ পদে কয়েকজন নেতার নাম ঘুরছে। একই সঙ্গে কাউন্সিলকে ঘিরে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্র বলছে, কাউন্সিলের আগে বিএনপির সাংগঠনিক কাঠামোয় বেশ কিছু রদবদল হতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিবের শূন্য পদ পূরণ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় রয়েছে।

তবে পদটি নিয়ে এখন পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, কাউন্সিলের আগে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সপ্তম জাতীয় কাউন্সিলের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। কাউন্সিলের সময়সূচি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, ‘দিনক্ষণ এখনো ঠিক হয়নি। দলের নীতিনির্ধারক ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে এটুকু বলতে পারি, খুব শিগগিরই হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কাউন্সিল আয়োজন করতে চান তারা। এজন্য বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে স্থানীয় সরকার নির্বাচনকে কাউন্সিল বিলম্বের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী। যুগান্তরকে তিনি জানান, চলতি বছরে কাউন্সিল হওয়ার সম্ভাবনা দেখছেন না। আগামী বছরের প্রথম দিক, অর্থাৎ ফেব্রুয়ারিকে লক্ষ্য করে প্রস্তুতি এগোচ্ছে।

তার ব্যাখ্যা, ওই সময়ে সরকারের ১ বছর পূর্তি হবে এবং একই সঙ্গে থাকবে শীতকাল। ফলে কাউন্সিল ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করার পর বিএনপির সামনে এখন দুটি বড় সাংগঠনিক কাজ রয়েছে। এর একটি স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের প্রস্তুতি, অন্যটি সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের মার্চে। দলীয় নিয়ম অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও এক দশকেও তা আয়োজন করা সম্ভব হয়নি। অবশ্য এর মধ্যে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন এসেছে। নতুন মুখ যুক্ত হওয়ার পাশাপাশি কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ দায়িত্ব থেকেও সরে গেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর