আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, মাদক, চাঁদাবাজি ও ছিনতাই দমনের পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অপ তথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন তিনি।
সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস









