ওসমানী হাসপাতালে নির্ধারিত সময় মানছেন না অধিকাংশ চিকিৎসক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM

ওসমানী হাসপাতালে নির্ধারিত সময় মানছেন না অধিকাংশ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ১১:৪৮:২৮ AM

ওসমানী হাসপাতালে নির্ধারিত সময় মানছেন না অধিকাংশ চিকিৎসক


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাসপাতালের বায়োমেট্রিক উপস্থিতির তথ্য বলছে, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরও বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হয়েছেন। আবার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ছেন বহির্বিভাগের ৯৬ শতাংশ ও অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক।

এমন পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগও রয়েছে। ইনডোর ও আউটডোর দুই বিভাগেই চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে। রোগীদের পক্ষ থেকেও চিকিৎসকদের দেরিতে আসা এবং নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ার অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।

বিষয়টি এবার হাসপাতাল পরিচালকের দেওয়া একটি বিজ্ঞপ্তিতেও উঠে এসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার পাশাপাশি যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালের নিয়ম অনুযায়ী, চিকিৎসকদের সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দায়িত্ব পালনের কথা। কিন্তু সাম্প্রতিক বায়োমেট্রিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সকাল ৯টার পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক হাসপাতালে প্রবেশ করছেন। একইভাবে দুপুর ২টা ৩০ মিনিটের নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসাসেবা সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন রাখা এবং দাপ্তরিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্ধারিত কর্মঘণ্টা মানা জরুরি। এ কারণে চিকিৎসকদের সকাল ৮টায় হাসপাতালে এসে বায়োমেট্রিক অ্যাটেনড্যান্সে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে দুপুর ২টা ৩০ মিনিটের আগে কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি আপাতত প্রাথমিক সতর্কীকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে একই ধরনের ব্যত্যয় আবারও ধরা পড়লে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রোগীরা যাতে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে বিষয়েও চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে কর্মঘণ্টা পালনের ওপর গুরুত্ব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বুধবার ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর