মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ PM

মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০২:৪০:৫২ PM

মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ


হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে আনা মূলী বাঁশ পাচারের সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের বাঁশবোঝাই একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। সোমবার ভোররাত আনুমানিক ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।

রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মিনি ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।

বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে অবস্থান নেন বন বিভাগের সদস্যরা। পরে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে আনা বিপুল পরিমাণ মূলী বাঁশবোঝাই মিনি ট্রাকটি আটক করা হয়। উদ্ধার করা বাঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

অভিযানের পর স্থানীয়দের সহযোগিতায় মিনি ট্রাক ও বাঁশগুলো জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়েছে।

জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। বনজ সম্পদ অবৈধভাবে আহরণ বা পাচারের খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বন উজাড় ও বনজ সম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নোয়াহাটি বাজারসংলগ্ন সড়ক থেকে মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দের ঘটনায়ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বনাঞ্চল থেকে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে বালু উত্তোলন, গাছ কাটা ও বাঁশ পাচারের সঙ্গে জড়িত। তাদের এমন কর্মকাণ্ডে বনাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চলের সম্পদ রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর