মুক্তির এক যুগ পর অস্কারের নজরে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ PM

মুক্তির এক যুগ পর অস্কারের নজরে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১১:১৮:৩৭ AM

মুক্তির এক যুগ পর অস্কারের নজরে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’


মুক্তির ১২ বছর পর নতুন করে আলোচনায় এসেছে দীপিকা পাডুকোন অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির একটি দৃশ্য এবার চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কারের কমিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অ্যাকাডেমির ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়, সিনেমার ন্যায়না ও বানিকে গল্প করতে। পোস্টের ক্যাপশনে ন্যায়নার একটি সংলাপ তুলে ধরে লেখা হয়েছে, “ন্যায়নার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।”

সিনেমাটিতে ন্যায়না চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। মেধাবী ও কিছুটা গম্ভীর স্বভাবের মেডিকেল ছাত্রী হিসেবে তাঁকে দেখা যায় চরিত্রটিতে।

চার বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসা, ক্যারিয়ার ও স্বপ্নের টানাপোড়েনকে ঘিরেই নির্মিত ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’। গল্পের শুরুতে মানালির বরফঢাকা পাহাড়ে চার বন্ধুর ট্র্যাকিং ভ্রমণের মধ্য দিয়ে ন্যায়নার জীবনে আসে পরিবর্তন। সেখানেই সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এবং বানির প্রতি তার ভালোবাসার জন্ম হয়। কিন্তু বানি তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। স্কলারশিপ নিয়ে সে দেশের বাইরে চলে যায়।

এরপর কেটে যায় আট বছর। দীর্ঘ সময় পর আবার চার বন্ধুর দেখা হয়। ততদিনে প্রত্যেকেই নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত। বানি হয়ে ওঠে সফল আন্তর্জাতিক ট্রাভেল শোয়ের চিত্রগ্রাহক। পুরোনো বন্ধুদের পুনর্মিলনের সঙ্গে বানি ও ন্যায়নার অতীতের আবেগও নতুন করে সামনে আসে। আর সেই পুরোনো অনুভূতিই সিনেমার গল্পকে আরও আবেগঘন করে তোলে।

অ্যাকাডেমির ইনস্টাগ্রামে সিনেমাটির দৃশ্য প্রকাশের পর দীপিকা পাডুকোনের ভক্ত ও নেটিজেনদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। একজন মন্তব্য করেন, “হাজার হাজার ছবি দেখেছি। কিন্তু ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ সব সময় অন্য রকম অনুভূতি দেয়। যতবার দেখি ততবারই মনে হয় বছরে অন্তত একবার এই ছবিতে ফিরে আসি।”

অন্য একজন লিখেছেন, “ছবিটি চিরকাল আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।”

‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। সিনেমায় বানি চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অদিতি চরিত্রে রয়েছেন কল্কি কেকল্যাঁ এবং অবিনাশ ওরফে ‘অভি’ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর