হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ PM

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১১:২৪:৫৬ AM

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে ঘটনা ঘটে। এতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয়জুড়ে।

নিহত মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে মোমিন। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

অভিযানের একপর্যায়ে পানির নিচ থেকে মোমিনকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোমিনের মৃত্যুর খবর বিদ্যালয়ে পৌঁছালে সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে তার সহপাঠীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসে। শেষবারের মতো সহপাঠীকে দেখতে সেখানে ভিড় করে তারা।

হবিগঞ্জ সদর থানার এসআই শাওন আহমেদ রিজাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর