তীব্র গরমে দীর্ঘ লোডশেডিং, সিলেটে দুর্ভোগ চরমে, ছবি: এআই
তীব্র গরমের মধ্যে সিলেট মহানগরীতে রোববার দিনভর ছিল বিদ্যুতের চরম ভোগান্তি। সকাল থেকেই ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় দিনের অর্ধেকেরও কম সময় বিদ্যুৎ পেয়েছেন নগরবাসী। এতে মার্কেট, দোকানপাট, শপিং মল থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নেমে আসে অস্বস্তি। চরম বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকেরা।
রোববার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। একদিকে দীর্ঘ লোডশেডিং, অন্যদিকে প্রচণ্ড গরম দুইয়ে মিলে নাগরিক জীবন অনেকটা অচল হয়ে পড়ে। ব্যবসায়ী ও চাকরিজীবীদের পাশাপাশি মার্কেট ও শপিং মলে আসা ক্রেতারাও পড়েন দুর্ভোগে।
জিন্দাবাজারের বারুতখানা এলাকার ব্যবসায়ী আব্দুস সবুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইতা কিতা শুরু অইলো দেশো? কারেন্ট নাই। ইলা একটা দেশ চলতে পারে?’
শুধু আব্দুস সবুর নন, বিদ্যুতের এমন পরিস্থিতিতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই বিরক্ত। স্কুল-কলেজেও এর প্রভাব পড়েছে। বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এসব প্রতিষ্ঠানে।
বিদ্যুতের এমন পরিস্থিতির কারণ জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, উৎপাদন কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে উৎপাদন কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি। তাঁর ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হতে দু’একদিন সময় লাগতে পারে। আবার রবিবার রাত থেকেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনাও রয়েছে।
সিলেটের উৎপাদন কেন্দ্রগুলো সচল আছে কি না এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইমাম হোসেন বলেন, বিষয়টি তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেননি।
শহরের পাশাপাশি সিলেটের গ্রামাঞ্চলেও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকার মতো পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গ্রাহকেরাও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হচ্ছেন। এতে ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের একাধিক গ্রাহক জানান, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ৮ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতির মুখে পড়ছেন। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে রোগীদের দুর্ভোগ বেড়েছে। একই কারণে এসএসসি পরীক্ষার্থীরাও ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না।
এদিকে দীর্ঘ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে গ্রাহকদের একাংশ আন্দোলনেও নেমেছেন। রবিবার বিকাল ৩টায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির ব্যানারে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের ওপর আর্থিক জুলুমের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিং এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা মেনে না নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আজকের সিলেট/ জেকেএস









