আজ শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস, ১৯৭১ সালে প্রাণ হারান ১২৬ জন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ AM

আজ শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস, ১৯৭১ সালে প্রাণ হারান ১২৬ জন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১০:৪১:৩৬ AM

আজ শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস, ১৯৭১ সালে প্রাণ হারান ১২৬ জন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায়। সেই ভয়াবহ ঘটনার স্মরণে প্রতিবছর ৩১ আগস্ট ‘শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে এবারও কর্মসূচি গ্রহণ করেছে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদ। সংগঠনের সভাপতি মুন্তাকিম হোসেন জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

ইতিহাসের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল ১০টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা সাত-আটটি নৌকায় করে শ্রীরামসি বাজারে এসে পৌঁছায়। এরপর স্থানীয় রাজাকারদের মাধ্যমে গ্রামবাসীকে জানানো হয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত হওয়ার জন্য গ্রামজুড়ে প্রচারও চালানো হয়।

শান্তির আশায় গ্রামের মানুষ সেদিন স্কুল মাঠে জড়ো হন। নির্ধারিত সময়ে যারা উপস্থিত হতে পারেননি, তাঁদেরও ডেকে সেখানে নিয়ে আসা হয়। পরে পাকিস্তানি সেনারা ১০ থেকে ১২ জন করে লোকজনকে বিদ্যালয়ের কক্ষে নিয়ে যায়।

সেখানে হাত-পা বেঁধে তাঁদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। এরপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। ইতিহাস অনুযায়ী, ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে শ্রীরামসিতে ১২৬ জন মানুষ প্রাণ হারান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর