সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে
নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০), মেয়ে আয়সা আক্তার (৫)
এবং ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে
অটোরিকশাচালক লালন মিয়া (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ অটোরিকশার সাত যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
নিহত নিয়ামত আলীর মামা আব্দুল আওয়াল জানান, নিয়ামত, তাঁর স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের পাঁচজন ওই অটোরিকশায় ছিলেন। তাঁদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পরিবারের আরও দুই শিশু জীবিত রয়েছে।
তিনি জানান, নিহতদের মা-বাবা, ভাইসহ স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/এপি









