নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৫ PM

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৪:৪৮:১৯ PM

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

শেরপুর হাইওয়ে থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভাণ্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মশহুদ আহাম্মদ নিহত হন। গুরুতর আহত পিকআপের চালকসহ চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি আউশকান্দি এলাকায় জব্দ করা হয়। বাস ও পিকআপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান শেরপুর হাইওয়ে থানার এসআই মো. জসিম উদ্দিন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর