আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের হলে ‘স্পাইডার-ম্যান’
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ AM

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের হলে ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ১০:৩২:২৮ AM

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের হলে ‘স্পাইডার-ম্যান’


আবারও পর্দায় দেখা যাবে ‘স্পাইডার-ম্যান’। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

জানা গেছে, ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে বাংলাদেশে মুক্তি পাবে ৩০ জুলাই। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, আর তার নায়িকা জেন্ডায়াও থাকছেন আগের মতোই। জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি সিনেমাতে বেশ কয়েকটি নতুন মুখের সংযোজন ঘটছে।

পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজে তার জীবনে নতুন করে এগিয়ে গিয়েছে। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন, আর ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক হাজির হচ্ছেন অত্যন্ত রহস্যময় এক চরিত্রে।

নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল আবারও তার আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় কামব্যাক করছেন, যা মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক।

সিনেমাটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে নতুন মাত্রায় নিয়ে যাবে। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা।

নো ওয়ে হোমের শেষে ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর পর বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে। পার্কার স্পাইডার-ম্যান নায়ক হিসেবে বেনামে নিউ ইয়র্ক শহরকে রক্ষা করে, যখন তার অতিমানবীয় শক্তিগুলো আশ্চর্যজনক ও সম্ভাব্য বিপজ্জনক এক বিবর্তনের মধ্য দিয়ে যায়। কেউ জানে না সে কে, তাই সে পূর্ণসময়ের স্পাইডার-ম্যান হিসেবে নিউ ইয়র্ককে রক্ষা করছে। তবে একাকিত্ব, মানসিক চাপ এবং নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে। আগের সিনেমাগুলোর তুলনায় এবার পিটারকে আরও দায়িত্বশীল, স্বাধীন ও মানসিকভাবে পরিণত অবস্থায় দেখা যাবে।

মুক্তির তারিখ ঘোষণার আগে থেকেই ভক্তদের আলোচনার তুঙ্গে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ট্রেলার প্রকাশের পর সামাজিকমাধ্যমে ঝড় ওঠে। প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বুকিংও চলছে ব্যাপকভাবে, যা থেকে বোঝা যায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা প্রবল। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর