চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়া শুভ সূচনা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ AM

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়া শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ১০:৩৩:৪৭ AM

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়া শুভ সূচনা


প্রথমার্ধে বলার মতো খুব বেশি কিছু ছিল না ম্যাচে। বিরতির পরই যেন বদলে গেল দৃশ্যপট। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা করল। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের হয়ে গোল করেন হোয়াং ইন-বম ও ও হিয়ন-গু। চেকিয়ার গোলটি করেন লাদিস্লাভ ক্রেজচি।

প্রথমার্ধে দুই দলই ছিল বেশ সতর্ক। আক্রমণে তেমন ধার ছিল না কারও। গোলের বড় সুযোগও তৈরি হয়নি খুব বেশি। তবে বিরতির পর ম্যাচে আসে গতি, আসে রোমাঞ্চ।

৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক রিপাবলিক। সাবেক ওয়েস্ট হাম ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন উলভসের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেজচি। তাতে ১-০ গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া।

তবে চেক রিপাবলিকের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের পানি বিরতির ঠিক আগে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দারুণ স্থিরতায় গোল করেন হোয়াং ইন-বম। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে বল তুলে দেন তিনি। ক্রেজচি শেষ চেষ্টা করলেও বল গোললাইন পেরিয়ে যায়। চেকিয়ার লিড টিকেছিল মাত্র ৮ মিনিট।

৭৭তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার আনন্দে মেতে উঠেছিল চেক রিপাবলিক। ফ্রি-কিক থেকে বল জালে পাঠান টমাস সৌচেক। পুরো দল উদযাপনও শুরু করে। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় গোলটি বাতিল হয়। রিপ্লেতে সিদ্ধান্তটি সঠিক বলেই দেখা যায়।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই পিছিয়ে পড়ে চেক রিপাবলিক। আবারও আক্রমণের শুরুতে ছিলেন হোয়াং ইন-বম। ডান দিক দিয়ে বল এগিয়ে নিয়ে দারুণ ক্রস বাড়ান তিনি। কয়েক গজ দূর থেকে ভালো সংযোগে শট নেন ও হিয়ন-গু। বল গোলরক্ষক কোভারের হাতে লেগে দূরের কোণ দিয়ে জালে জড়ায়।

শেষ দিকে সমতায় ফিরতে চেষ্টা করে চেক রিপাবলিক। যোগ করা সময় ছিল ৬ মিনিট। তবে কোরিয়ান রক্ষণ ভাঙার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর পাশে জয়ী দলের তালিকায় উঠল দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করেছিল সহ-আয়োজক মেক্সিকো।

চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ কোরিয়ার আগের ৭ জয়ের ৬টিই ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি জয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর