সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই পক্ষের সংঘর্ষে, আহত ১৫
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ PM

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই পক্ষের সংঘর্ষে, আহত ১৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৩:০৭:১১ PM

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুই পক্ষের সংঘর্ষে, আহত ১৫


সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ১৫ জন।

মঙ্গলবার দুপুরের দিকে সিএনজিতে যাত্রী উঠানোর সময় বাস মালিক সমিতি ও সিএনজি মালিক সমিতির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, বড় কাপন পয়েন্টে থেকে তিন জন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজি গাড়িতে ওঠেন। এ সময় একই পয়েন্টের বাস মালিক সমিতির ম্যানেজার একই গ্রামের বাসিন্দা ছাত্তার মিয়া সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী ওঠাতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদিক মিয়া ও তার বাবাকে মারপিট করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বড় কাপন পয়েন্টের সিএনজি শ্রমিক সমিতির সভাপতি কপিল উদ্দিন বলেন, যাত্রী উঠানোর কারণে প্রথমে সাদিক মিয়াকে মারপিট করা হয়। পরে তার বাবাকেও মারধর করে ছাত্তার মিয়া, তার ছেলে ও অন্যারা। সংঘর্ষে আমাদের পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। ছাত্তার মিয়ার লোকজন আমাদের ১৫ থেকে ২০টি সিএনজি গাড়ি ভাংচুর করেছে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের চারটি বাস মালিক সমিতির বড় কাপন পয়েন্টের ম্যানেজার ছাত্তার মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের বাসের সিলেটের তিন জন যাত্রী তারা সিনএজিতে উঠিয়েছিল। এনিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারি হয়েছে। আমাদের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আমরা কোন সিএনজি ভাংচুর করিনি। তারা নিজেরাই ভাংচুর করে দায় আমাদের উপর দিচ্ছে।

এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। ১০ জন আহত হয়েছে ও ৮ থেকে ১০টি সিএনজি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে। কোন অভিযোগ পাওয়ানি, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর