দিরাইয়ে ১৫০০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ PM

দিরাইয়ে ১৫০০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৯:২১:০৫ PM

দিরাইয়ে ১৫০০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭


সুনামগঞ্জের দিরাইয়ে মাত্র ১৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় দিরাই পৌর শহরের ঘাগটিয়া গ্রামে আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), সাব্বির মিয়া (২৬) এবং জুয়েল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট পাওনা ১৫০০ টাকা নিয়ে আব্দুল হাফিজ ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করেন।

এ বিষয়ে দিরাই থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর