শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে : শ্রমমন্ত্রী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪০ PM

শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে : শ্রমমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৭:৫১:২৯ PM

শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে : শ্রমমন্ত্রী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তন-এ বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান শ্রম আইনকে যুগোপযোগী করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কিংবা কর্মস্থলে হতাহতের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মেডিকেল সনদসহ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশনা দেওয়া হবে।

প্রবাসে কর্মসংস্থানের নামে প্রতারণাকারী জালিয়াত চক্রের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার ২০১ জন আহত শ্রমিক এবং নিহত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরিবারভেদে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর