আমিরাতে প্রবাসী হবিগঞ্জ জেলা খেলোয়াড়দের প্রস্তুতি সম্পন্ন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৫ PM

টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য লড়বে হবিগঞ্জ জেলা দল

আমিরাতে প্রবাসী হবিগঞ্জ জেলা খেলোয়াড়দের প্রস্তুতি সম্পন্ন

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০২:২২:৫৫ PM

আমিরাতে প্রবাসী হবিগঞ্জ জেলা খেলোয়াড়দের প্রস্তুতি সম্পন্ন

ছবিঃ আজকের সিলেট


আরব আমিরাতে বসবাসরত প্রবাসী ক্রীড়ামোদীদের মাঝে এখন বইছে উৎসবের আমেজ। মরুর বুকে ফুটবলের এক মহা লড়াইকে সামনে রেখে সম্পন্ন হলো বৃহত্তর হবিগঞ্জ জেলার ফুটবলারদের কঠোর বাছাইপর্ব ও চূড়ান্ত প্রস্তুতি।

গত শনিবার (২৩শে মে) শারজাহ ওয়ান্ডারস স্পোর্টস ক্লাবে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশে এই খেলোয়াড় বাছাই ও প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করে 'প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন'।

সংগঠনের সভাপতি সালেহ আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদের প্রাণবন্ত পরিচালনায় এই প্রীতি আয়োজনে খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে ঢল নেমেছিল প্রবাসী কমিউনিটি নেতাদের। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শারজাহের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম, নুর হোসেন, মিজানুর রহমান, মাসুক মিয়া, মোঃ জুনু মিয়া, তোহা উদ্দিন হেলাল, শাহ কামরুল হাসানসহ হবিগঞ্জ জেলার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী প্রবাসী ও খেলোয়াড়বৃন্দ।

টানটান উত্তেজনাকর বাছাইপর্ব শেষে সংগঠনের কর্মকর্তারা জানান, প্রবাসের মাটিতে হবিগঞ্জ জেলার ফুটবলারদের এক সুতোয় গেঁথে শক্তিশালী দল গঠন করাই তাদের মূল লক্ষ্য। আসন্ন টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে দুটি শক্তিশালী টিম গঠন করা হবে।

"যারা পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলায় উন্নতি করে পরবর্তীতে মূল টিমে আসার সুযোগ তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।"

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের নিয়ে খুব শীঘ্রই মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ "সিলেট বিভাগ ফুটবল চ্যাম্পিয়ান লীগ ২০২৬"। বিভাগীয় এই ফুটবল মহাযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলা ফুটবল দল।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলতে হবিগঞ্জ জেলার খেলোয়াড়রা এখন পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে মরুর বুকে চার জেলার এই ফুটবল যুদ্ধ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো প্রবাসী ক্রীড়াপ্রেমী বাঙালি।

UAE

সিলেটজুড়ে


মহানগর