র‌্যাব সদস্য নিহতের পর গ্রেফতার ২৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৯ PM

র‌্যাব সদস্য নিহতের পর গ্রেফতার ২৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৯:৫৭:৩১ AM

র‌্যাব সদস্য নিহতের পর গ্রেফতার ২৩৩


ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর পর সিলেটে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুক্র ও শনিবারের দু;দফা বিশেষ অভিযানে ছিনতাই, মাদক ব্যবসা ‍ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগে ২৩৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যান।

এ ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান চালায় এসএমপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৩৩ জন।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১০০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ২৩৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর