সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ১০:২৩:৫৪ AM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হলো।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ১০ মাস বয়সী আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়। আর এদিন রাত ৮টা ১৫ মিনিটে ৫ মাস বয়সী তৌফিক নামে সুনামগঞ্জের এক শিশু ওই হাসপাতালে মারা গেছে। এ ছাড়া, রাত সাড়ে ৯টায় ৯ মাস বয়সী শিশু হুমায়রার মৃত্যু হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফ হাম এবং ব্রংকোনিউমোনিয়ার সন্দেহে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল (মেলেনা) এবং নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। রোগী খিটখিটে, তার প্রচণ্ড জ্বর এবং শকের লক্ষণ দেখা যায়। এটি হেমোরেজিক হাম বা ব্ল্যাক হামও হতে পারে। প্রাসঙ্গিক পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছে। আর তৌফিক গত ৬ এপ্রিল হাম, ব্রংকোনিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও ক্রুপ এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হামের সন্দেহে সে মারা গেছে। এখন রিপোর্টের অপেক্ষায়। দিন দিন পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। উভয় হাসপাতালের ডাক্তার ও নার্সরা সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করছেন। এখন আরেকজন রোগী শামসুদ্দিন থেকে ওসমানীতে স্থানান্তরিত হচ্ছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। আর বর্তমানে হাসপাতালে আছেন ১৬০ জন। সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর