বিদেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, তরুণদের প্রশিক্ষণের ওপর জোর: প্রবাসী কল্যাণমন্ত্রী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM

বিদেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, তরুণদের প্রশিক্ষণের ওপর জোর: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৭:০৯:৪৫ PM

বিদেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, তরুণদের প্রশিক্ষণের ওপর জোর: প্রবাসী কল্যাণমন্ত্রী


জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, এই চাহিদা পূরণ করতে হলে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে।

তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের কাছে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার চাহিদা আসে, কিন্তু দক্ষতার অভাবে আমরা অনেক সময় সেই চাহিদা পূরণ করতে পারি না। তাই এখনই পরিকল্পিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে এবং বিদেশে কর্মসংস্থানের নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে।

অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করে নিজেদের প্রস্তুত করতে পারলেই বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর