যুক্তরাষ্ট্রে ৩টি শোরুম বন্ধ করছে অ্যাপল
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ AM

যুক্তরাষ্ট্রে ৩টি শোরুম বন্ধ করছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৪:২১:১৫ PM

যুক্তরাষ্ট্রে ৩টি শোরুম বন্ধ করছে অ্যাপল


ব্যবসায়িক মন্দার অজুহাতে যুক্তরাষ্ট্রে তিনটি রিটেইল স্টোর চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। যার মধ্যে মেরিল্যান্ডের আলোচিত একটি স্টোরও রয়েছে, যা অ্যাপলের ইতিহাসে প্রথম ইউনিয়নভুক্ত শোরুম ছিল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, অ্যাপল এই গ্রীষ্মে রিটেইল স্টোরগুলো বন্ধ করে দিচ্ছে। অ্যাপলের এমন সিদ্ধান্তকে ইউনিয়ন ভাঙার কৌশল হিসেবে দেখছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

কোম্পানিটি বলেছে, তারা কানেকটিকাটের ট্রাম্বল, ক্যালিফোর্নিয়ার এসকনডিডো ও মেরিল্যান্ডের টাউসনের অ্যাপল স্টোর বন্ধের পরিকল্পনা করছে। মেরিল্যান্ডের টাউসনের এ স্টোরটিই প্রথম, যেখানে ইউনিয়নভুক্ত কর্মী ও অ্যাপল ২০২৪ সালে একটি চুক্তিতে পৌঁছেছিল।

অ্যাপলের একটি বিবৃতি প্রকাশ করে এসব স্টোর বন্ধের খবরটি নিশ্চিত করেছে প্রযুক্তি সংবাদের সাইট ম্যাকরিউমার্স।

ওই বিবৃতিতে অ্যাপল বলেছে, এ তিনটি স্টোর যে শপিং সেন্টারগুলোতে অবস্থিত, সেখান থেকে বেশ কিছু খুচরা বিক্রেতা চলে যাওয়া ও পরিবেশের অবনতি ঘটার কারণেই তারা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

“ট্রাম্বল ও নর্থ কাউন্টির কর্মীরা পার্শ্ববর্তী অ্যাপল স্টোরগুলোতে কাজ চালিয়ে যাবেন। তবে টাউসন স্টোরের কর্মীরা তাদের সম্মিলিত চুক্তি অনুসারে, অ্যাপলের অন্যান্য শূন্য পদের জন্য আবেদনের সুযোগ পাবেন।”

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এনগ্যাজেটের মন্তব্যের অনুরাধে অ্যাপল থেকে ওই একই বিবৃতি পাঠানো হয়।

অ্যাপলের এসব স্টোর বন্ধের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে টাউসন স্টোরের কর্মীদের ইউনিয়নের নেতৃত্বে থাকা ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স’।

সংগঠনটি বলেছে, “চুক্তির কারণে কর্মীদের বদলি করা যাচ্ছে না বলে অ্যাপল যে দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা।

“আমাদের ধারণা, ইউনিয়ন ভাঙার একটি হীন উদ্দেশ্য থেকেই স্টোরটি বন্ধ করা হচ্ছে। আমরা সব ধরনের আইনি পথ খতিয়ে দেখছি ও অ্যাপলকে জবাবদিহিতার আওতায় আনতে নির্বাচিত জনপ্রতিনিধি ও মিত্রদের সঙ্গে কাজ করব।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর