সিডনির কমব্যাংক স্টেডিয়ামে এএফসি ওমেন্স কাপের উত্তাপ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ AM

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে এএফসি ওমেন্স কাপের উত্তাপ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৬ ১০:৫০:৪৮ AM

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে এএফসি ওমেন্স কাপের উত্তাপ


অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনির কমব্যাংক স্টেডিয়াম এখন আন্তর্জাতিক ফুটবলের আলোচনার কেন্দ্রে। আধুনিক স্থাপনা ও বিশ্বমানের সুবিধার কারণে এই ভেন্যু দ্রুতই ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম নামেও পরিচিত এই মাঠে ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।

এএফসি ওমেন্স কাপ ফুটবল টুর্নামেন্টে আগামী ৩ মার্চ এই স্টেডিয়ামেই চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ভেন্যুতে খেলা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বড় মাইলফলক।

প্রায় তিনশো ষাট মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে নির্মিত কমব্যাংক স্টেডিয়ামটি স্থাপত্যের দিক থেকে ব্যতিক্রমী। দর্শক গ্যালারি ও মাঠের নকশা এমনভাবে করা হয়েছে যাতে দর্শকরা খেলোয়াড়দের খুব কাছ থেকে খেলা উপভোগ করতে পারেন। এর ফলে ম্যাচ চলাকালে গ্যালারির উত্তেজনা সরাসরি মাঠে ছড়িয়ে পড়ে।

স্টেডিয়ামে রয়েছে উন্নত আলোকসজ্জা ব্যবস্থা। আধুনিক মিডিয়া সেন্টার সংবাদকর্মীদের কাজ সহজ করে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। এসব কারণে অল্প সময়ের মধ্যেই এটি পশ্চিম সিডনির ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

এই স্টেডিয়ামটি রাগবি লিগ দল পারামাটা ইলস এবং ওয়েস্টার্ন সিডনি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। খেলাধুলার পাশাপাশি এখানে বড় আকারের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়ার ফুটবল উৎসবকে ঘিরে কমব্যাংক স্টেডিয়াম এখন দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মিলনস্থল। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে এই মাঠে খেলা বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর