রিয়াল মাদ্রিদের হারের পর সুযোগ ছিল বার্সেলোনার সামনে। সেই সুযোগ হাতছাড়া করেনি কাতালানরা। কাম্প ন্যুয়ে অবনমন অঞ্চলের দল লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুটা অবশ্য বার্সার জন্য সতর্কবার্তা হয়ে আসে। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই লেভান্তে এগিয়ে যেতে পারত। এরিক গার্সিয়াকে কাটিয়ে একা গোলরক্ষকের সামনে চলে যান কার্লোস আলভারেস। কিন্তু দুর্বল শটে সুযোগ নষ্ট করেন তিনি। সেই ধাক্কা সামলে দ্রুত ছন্দে ফেরে স্বাগতিকরা।
তৃতীয় মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে জুল কুন্দের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। পরের মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে এরিক গার্সিয়ার ভাসানো বলে স্লাইড করে বল জালে পাঠান তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল।
দ্রুত গোল পেয়ে আক্রমণের গতি বাড়ায় বার্সা। অষ্টম মিনিটে পরপর দুটি সুযোগ পায় তারা। প্রথমে রাফিনিয়ার জোরালো শট ঠেকান লেভান্তে গোলরক্ষক। ফিরতি বলে রবার্ট লেভানদোভস্কির শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। লেভান্তেও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ওঠে। ১৫ মিনিটে ইয়ন ওলাসাগাস্তির শট এগিয়ে এসে রুখে দেন হোয়ান গার্সিয়া।
২৩ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শট অল্পের জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর কানসেলোর নিখুঁত ক্রসে লেভানদোভস্কি পা ছোঁয়াতে না পারায় বল পোস্টে লেগে ফিরে আসে। তবে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি ফ্রেংকি ডি ইয়ং। কানসেলোর চমৎকার ক্রস থেকে দারুণ ভলিতে গোল করেন ডাচ মিডফিল্ডার। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল। প্রথমার্ধে আর গোল না হলেও খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই রাখে বার্সেলোনা।
বিরতির পরও দখলদারিত্ব বজায় রাখে স্বাগতিকরা। বলের দখল ও পাসিংয়ে স্পষ্ট পার্থক্য গড়ে ওঠে দুই দলের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কয়েকটি শট নেয় বার্সা, যদিও সেগুলো লক্ষ্যে ছিল না। ৫৬ মিনিটে জেরার্দ মার্তিন অল্পের জন্য কানসেলোর ক্রস ধরতে পারেননি।
৬৬ মিনিটে চোট কাটিয়ে মাঠে নামেন পেদ্রি। একই সময়ে বদলি হিসেবে নামেন ফের্মিন লোপেস ও ফেররান তোরেস। মাঠ ছাড়েন বের্নাল, ওলমো ও লেভানদোভস্কি। বদলি নামার ফল পেতে খুব বেশি সময় লাগেনি। ৮১ মিনিটে কর্নারের পর ইয়ামালের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন ফের্মিন লোপেস। পোস্টে লেগে বল জালে ঢুকে গেলে আর ফেরার সুযোগ ছিল না লেভান্তের।
শেষ দিকে আরও একটি সুযোগ পেয়েছিল বার্সা। রাফিনিয়ার হেড ঠেকানোর পর খুব কাছ থেকে লোপেসের শটও রুখে দেন গোলরক্ষক। তবে তাতে ফলাফলে পরিবর্তন আসেনি।
পুরো ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে বার্সেলোনা। ২২টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। লেভান্তে নেয় মাত্র ৫টি শট, লক্ষ্যে ছিল ২টি।
২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








