১৪ বছর পর লজ্জার রেকর্ডে সঙ্গী পেল বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM

১৪ বছর পর লজ্জার রেকর্ডে সঙ্গী পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ১২:৩১:০৮ PM

১৪ বছর পর লজ্জার রেকর্ডে সঙ্গী পেল বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ডে এতদিন একাই ছিল বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর এর অবসান হলো। চলতি বিশ্বকাপে টানা হারের বৃত্তে আটকে পড়ে ওমান এখন এই রেকর্ডে বাংলাদেশের সমান অংশীদার।

শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ওমান।

অজিদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। এর আগে 'বি' গ্রুপের বাকি তিনটি ম্যাচও হেরেছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। ফলে বিশ্বকাপে তাদের টানা পরাজয়ের সংখ্যা এখন ১০টি।

২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই টুর্নামেন্টের সুপার এইটসহ বাকি ৪টি ম্যাচেই হেরে যায় লাল-সবুজরা। এরপর ২০০৯, ২০১০ এবং ২০১২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। টানা চার আসর মিলিয়ে ওই ১০ হারের রেকর্ডটিই এতদিন ছিল বিশ্বকাপের সর্বোচ্চ।

আশ্চর্যের বিষয় হলো, ওমানের এই হারের যাত্রার শুরুটাও হয়েছিল বাংলাদেশের হাত ধরেই। ২০২১ সালের বিশ্বকাপে পাপুয়া নিউ গিনিকে হারানোর পর বাংলাদেশের কাছে হেরেছিল ওমান। এরপর স্কটল্যান্ডের কাছে হেরে সেই আসর থেকে বিদায় নেয় তারা।

২০২২ বিশ্বকাপে সুযোগ না পেলেও ২০২৪-এর আসরে ফিরে তারা সবকটি ম্যাচ হারে। ২০২৬ সালের চলতি আসরেও শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে টানা ১০ হারের মাইলফলক স্পর্শ করল দলটি।

এই তালিকায় ওমান ও বাংলাদেশের পরে অবস্থানে রয়েছে নামিবিয়া, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। বিশ্বকাপের বিভিন্ন আসরে এই তিন দলই টানা ৭টি করে ম্যাচ হেরেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর