কোম্পানীগঞ্জ উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের বাঁধা রশির ফাঁদে পড়ে সবুজ আহমদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত মনিরুল ইসলাম (তোতা মিয়ার) ছেলে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- কলাবাড়ি গ্রামের নেছারুল্লাহর ছেলে মো. সুমন (২৩) ও বুড়দেও গ্রামের মানিক মিয়ার ছেলে মো. মাহদী (১৮)।
নিহত ও আহতদের পরিবার সূত্র জানায়, সবুজ আহমদ তার বন্ধু সুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে সন্ধ্যার পর সিলেটে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের সাথে মাহদীও বাড়ি ফিরছিল। মোটরসাইকেলে করে তাদের ৩ জন কাঠাখাল ব্রিজ পার হয়ে কাঠাখাল দ্বিতীয় ব্রিজে আসামাত্র আগে থেকে ডাকাতদের ফাঁদ পাতা রশিতে বাঁধা পড়ে দুর্ঘটনার শিকার হন। এসময় ব্রিজের দু-পাশে বাঁধা রশি মোটরসাইকেল চালক সবুজের গলায় আটকা পড়লে তিন জনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ। তার সাথে থাকা অন্য দুইজন গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আমাদের ২টি টহল টিম ছিল। ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। এর সাথে কারা জড়িত তাদের বের করার চেষ্টা করছি। নিহত সবুজের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যহত রেখেছি।
আজকের সিলেট/জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








