মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর শুনে নিহত হয়েছেন স্বামী ওয়ারিছ উল্লাহ। ওয়ারিছ উল্লাহ (৮০) ও রিনা বেগম (৬৬) দম্পতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে উপজেলার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনদের সূত্রে জানা গেছে, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রিনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান। এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রতিবেশী শিক্ষক মুহিত চৌধুরী রিপন বলেন, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। ওয়ারিছ উল্লাহ দম্পতির ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ।
তিনি আরও বলেন, ওয়ারিছ উল্লাহ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এ দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি। মঙ্গলবার বিকেলে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ.) মাজার প্রাঙ্গণে তাদের জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল।
আজকের সিলেট/এপি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








