বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে আনার প্রত্যাশা এখনও পূরণ হয়নি। তিনি আশা প্রকাশ করেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই দাবী পূরণে কার্যকর ভূমিকা নেবে।
শনিবার বিকালে ওসমানীনগরের তাজপুরে একটি কমিউনিটি সেন্টারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদায়) হুমায়ুন কবিরের সাথো ওসমানীনগর উপজেলা বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এইচ টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর উপস্থাপনায় অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদায়) হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের বিপ্লব কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। দীর্ঘ ১৫ বছর ধরে তারেক রহমান যে নেতৃত্ব দিয়ে এসেছেন, তারই ফলশ্রুতিতে এই পরিবর্তন সম্ভব হয়েছে। বাংলাদেশের জনগণ কারো গোলামি করতে রাজি নয়। এ দেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার চায়, যা বিএনপির ৩১ দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। গত ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি, বরং লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে ইলিয়াস আলীর ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন, তবে এলাকাসহ পুরো দেশেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাহসিনা লুনা ভাবি ও আমি একসঙ্গে কাজ করে এই এলাকার উন্নয়ন নিশ্চিত করব। কর্নেল জিয়া আমাদের নেতা এম. ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুমের নেপথ্যের নায়ক। আমরা এই জিয়াকে রিমান্ডে নিয়ে সকল গুমের রহস্য উদঘাটন করার দাবি জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আব্দুল, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমদ প্রমূখ।
সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আজকের সিলেট/ডি/এপি









