সিলেটের বিভিন্ন সীমান্তে ৩ দিনের ব্যবধানে প্রায় কোটি টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ চোরা চালানের বিভিন্ন পণ্য আটক করেছে সিলেট ৪৮ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সুপারি ১৫,৬০০ পিস, ভারতীয় বিড়ি ৩২০ প্যাকেট, গুড়া মেহেদী ৭০ কেজি, মদ ৮১ বোতল, বিয়ার ০২ বোতল, বাংলাদেশী রসুন ৪০০০ কেজি, ট্রাক ০১ টি, মোটরসাইকেল ০১ টি, ট্রলি ০১ টি, এবং অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ ১ শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকা থেকে আট কোটি টাকার উপরে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য আটক করে।
আজকের সিলেট/ডি/এসটি
গোয়াইনঘাট প্রতিনিধি 








