সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৬ AM

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৪:৪০:২১ AM

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যানসার রুখে দিন’ প্রতিপাদ্যে আজ সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এইচপিভি টিকা কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করবে।

সিলেটের অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) কানিজ মওলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, এবং বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নূর-এ-আলম।

অনুষ্ঠানে বক্তারা স্কুল পর্যায়ে এবং স্কুলের বাইরে থাকা কিশোরীদের এই টিকা নিশ্চিত করার ওপর জোর দেন। তাঁরা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনগণকে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। ইউনিসেফ সিলেটের চিফ অফ ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলামও সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এইচপিভি টিকা কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলের বাইরে থাকা কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবেন। ১৮ দিনব্যাপী চলমান এই কর্মসূচিতে সিলেট বিভাগে মোট ৫ লাখ ৫৩ হাজার ২২১ জন কিশোরীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩০ হাজার ৭৩৮ জন, সিলেট জেলায় ১ লাখ ৮১ হাজার ৪৯৮ জন, হবিগঞ্জে ১ লাখ ১৮ হাজার ৯৯৬ জন, মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৩১ জন এবং সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২৬ হাজার ৫৯১ জন কিশোরী অন্তর্ভুক্ত রয়েছে।

এ কর্মসূচি ক্যানসার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সারাদেশে কিশোরীদের মধ্যে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর