এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা পুলিশের দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ চারজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত এই অভিযানে ১০৯ বস্তা চিনি এবং ৮২৬ প্যাকেট ফুচকা জব্দ করা হয়। আটকরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার বেরিবিল গ্রামের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) ও সিলেটের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার কাঠালপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।
সকালে এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট স্থাপন করে পুলিশের একটি দল। সকাল ৭টার দিকে রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ৭৬০ টাকা। এ সময় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অন্যদিকে, জালালাবাদ থানার পুলিশ ভোররাতে শিবেরবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ভোর ৪টা ৩০ মিনিটে একটি হাইড্রোলিক ট্রাক থেকে ৮২৬ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ২০০ টাকা। এ ঘটনায় কোম্পানীগঞ্জের জামান মিয়া (৩৭) এবং হায়দুরপুরের মো. রাজু আহমদ (২৭) নামের দুজনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে ট্রাকটির সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোরাই পণ্য পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ডি/এপি









