দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। মাত্র দুই দফায় ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। সর্বশেষ দফায় এক ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানোর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর সঙ্গে মজুরি যোগ হওয়ায় ক্রেতাদের এক ভরি স্বর্ণের গহনা কিনতে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত এই দরেই আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই দফায় ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে করা হয়েছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
একই সময়ে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে করা হয় ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। গতকাল দুপুর ১টা ৪৪ মিনিট পর্যন্ত এই দরেই স্বর্ণের গহনা বিক্রি হয়েছে।
এভাবে টানা দুই দফায় ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম বেড়েছে মোট ৬ হাজার ৫৯০ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা।
আজকের সিলেট/ জেকেএস
অর্থনীতি ডেস্ক 








