পাহাড়ের সবুজ হাতছানি, নদীর স্বচ্ছ জল, ঝরনার কলতান আর চা-বাগানের মায়াবী সৌন্দর্য প্রকৃতির এমন রূপের টানে দুর্গাপূজার ছুটি ঘিরে সিলেটে আসতে শুরু করেছেন পর্যটকেরা। সরকারি ছুটি আগামী মঙ্গলবার থেকে শুরু হলেও এর আগেই প্রকৃতির এই রাজ্যে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আগমনে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ছে প্রাণচাঞ্চল্য, আর ব্যস্ত হয়ে উঠছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রোববার জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদাপাথর, রাতারগুল ও লালাখালসহ সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে দেখা গেছে পর্যটকদের আনাগোনা। নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোতেও ছিল ভ্রমণপ্রেমীদের ভিড়। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছুটির সময়টুকু আনন্দে কাটাতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এসব স্থানে ঘুরছেন অনেকে।
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের বরণে প্রস্তুতি নিচ্ছেন সিলেটের হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটন খাতের ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগাম বুকিংয়ের কারণে অধিকাংশ আবাসিক প্রতিষ্ঠানের কক্ষ ইতিমধ্যে সংরক্ষিত হয়ে গেছে। ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। অন্যদিকে, পর্যটকদের আগমন বাড়লে আবাসন, পরিবহন, খাবার ও অন্যান্য সেবার চাহিদা বাড়বে। এতে পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।
হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত বলেন, ‘পূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের হোটেল-মোটেলগুলো। জেলার ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের বেশির ভাগ কক্ষ ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে।’
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘পর্যটকদের আগমনে বাড়তি লাভের পাশাপাশি জেলার অর্থনীতি আরও চাঙা হবে। পূজার টানা পাঁচ দিনের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হতে পারে। এটি আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি তাদের প্রত্যাশিত হিসাব।’
পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। তিনি বলেন, পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়ক পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে।
সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর চা-বাগানের নৈসর্গিক সৌন্দর্যকে সঙ্গী করে দুর্গাপূজার ছুটিতে সিলেট এখন পর্যটকদের বরণে প্রস্তুত। ভ্রমণপিপাসুদের পদচারণায় পর্যটনকেন্দ্রগুলো যেমন মুখর হওয়ার অপেক্ষায়, তেমনি আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁদের প্রত্যাশা, পাঁচ দিনের এই ছুটি সিলেটের পর্যটন খাতে নতুন গতি সঞ্চার করবে এবং স্থানীয় অর্থনীতিতে যোগ করবে বাড়তি প্রাণ।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








