রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে নবীনবরণ, নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৬:৪২:২০ অপরাহ্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে নবীনবরণ, নারী শিক্ষার অগ্রগতিতে ভূমিকার প্রশংসা


সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “নারী শিক্ষায় এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। সিলেটের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ দীর্ঘদিন ধরে এক অনন্য ও উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সিলেটের নারী শিক্ষার অগ্রগতিতে এক অনন্য দৃষ্টান্ত।”

তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের ভৌত অবকাঠামোর উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রহিমা বেগম।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এবং বাংলা বিভাগের প্রধান আজির উদ্দিন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সিদ্দিকা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিশকাত উল আফরা সামিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য আব্দুল হাকিম, ডা. সোলায়মান আহমেদ, মখছুছুল করিম, আজিজুল ইসলাম, জিল্লুল হক ও সাব্বির আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাইশা বেগম। গীতা পাঠ করেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুস্মিতা আইচ রিমি। এরপর ঐশী, প্রমি, হৈমন্তী, স্নিগ্ধা ও প্রিয়ন্তী জাতীয় সংগীত পরিবেশন করেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর