বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের অভিযোগ ‘মারধরে হত্যা’

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:৪১:৫১ অপরাহ্ন

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের অভিযোগ ‘মারধরে হত্যা’


হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মাদক মামলায় কারাবন্দী এনামুল বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের অভিযোগ, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন স্বজনেরা।

এনামুলের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে এ অভিযোগ তোলেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। অন্যদিকে, হাসপাতালে তাঁর লাশের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এসব ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এনামুল হক চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এনামুলকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে এনামুলের মা, ভাইসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। তাঁদের অভিযোগ, কারাগারে মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এনামুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

এনামুলের বড় ভাই কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে, অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৭টায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।’

এনামুলের মা রেহানা খাতুন বলেন, বৃহস্পতিবার তাঁর ছেলেকে আদালতে হাজির করার কথা ছিল এবং তাঁর জামিন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে হাজির করার পরিবর্তে তাঁকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ছেলেকে হত্যা করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল আহমেদ। তিনি বলেন, এনামুল মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁকে মারধর করার অভিযোগ ভিত্তিহীন।

বিলাল আহমেদ আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এনামুলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর